আসন্ন জাতীয় নির্বাচন উপলক্ষে ফতুল্লার একাধিক এলাকায় গণসংযোগ করেছেন নারায়ণগঞ্জ-৪ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য পদপ্রার্থী মোহাম্মদ শাহ আলম। বৃহস্পতিবার (২৯ জানুয়ারী) বিকালে ফতুল্লার বটতলা থেকে গণসংযোগটি শুরু হয়।
পরে নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে সস্তাপুর, কোতালেরবাগ ও ইসদাইরের বাসিন্দাদের কাছে গিয়ে ভোট প্রার্থনা করেন মোহাম্মদ শাহ আলম।
গণসংযোগে জনগণের উদ্দেশ্যে মোহাম্মদ শাহ আলম বলেন, এলাকার উন্নয়নের স্বার্থে আপনারা হরিণ প্রতিকে একটি ভোট দিবেন। আমি এমপি হলে আপনাদের দীর্ঘদিনের অভিশপ্ত এ জলাবদ্ধতা থেকে মুক্ত করতে আপ্রাণ চেষ্টা করবো। এটা আমার এলাকা, আমি এই এলাকার সন্তান, তাই এই এলাকায় কি কি সমস্যা তা আমার জানা আছে। আপনারা সহযোগিতা করলে সকল সমস্যার সমাধান সম্ভব।
তিনি আরও বলেন, কোন উস্কানি, কোন ডর-ভয়; কিছুতেই পরোয়া করবেন না। আশা করি প্রশাসন নিরপেক্ষ থাকবে। এই সরকার কোন দলীয় সরকার নয়। এই সরকারের উদ্দেশ্য একটি নিরপেক্ষ নির্বাচন করা। যদি নিরপেক্ষ নির্বাচন হয় তাহলে আমি বিশ্বাস করি, এই এলাকার জনগণ হরিণ প্রতীকে ভোট দিয়ে আমাকে নির্বাচিত করবেন।